সরিষাবাড়ীতে বজ্রপাত অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
মশিউর রহমানঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ বজ্রপাতে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন এর তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দোকানের সকল মালামাল পুড়ে গিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। প্রতিদিনের মতো ভোরে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার কিছু সময় পর সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে দোকান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো দোকান। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় দোকানের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ী কহিনুর ইসলামের পরিবার এখন চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে। কারণ দোকানটিই ছিল তাদের জীবিকার একমাত্র মাধ্যম। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































